Sponsored

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগের আবেদন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা বর্ধিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

 

ছবি: সংগ্রহ করা

সমাজসেবা অধিদপ্তরের ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের আবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশের কয়েকটি অঞ্চলে প্রতিকূল আবহাওয়া ও অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে গত শনিবার সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় সময়সীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়।


নতুন নির্দেশনা অনুযায়ী, নতুন ও আগে জমা দেওয়া সব আবেদন যাচাই-বাছাই, মূল্যায়ন এবং প্রয়োজনীয় পরীক্ষা শেষে ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। তবে যেসব এলাকায় ইতোমধ্যে নিয়োগ পরীক্ষা চলছে, সেখানে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে নেওয়া যাবে।

এদিকে, স্থানীয় কমিটি চাইলে চলমান পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে নতুন ও আগের সব আবেদনকারীর জন্য একযোগে পরীক্ষা আয়োজন করতে পারবে। পাশাপাশি ২৫ ও ২৬ জুলাই নির্ধারিত পরীক্ষাগুলো স্থানীয় পরিস্থিতি বিবেচনায় স্থগিত বা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও সংশ্লিষ্ট স্থানীয় কমিটিকে দেওয়া হয়েছে। তবে কোনো এলাকায় নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হলে, পরবর্তীতে নতুন আবেদনকারীদের জন্য আলাদাভাবে আবার পরীক্ষা আয়োজন করতে হবে


নতুন নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, নিয়োগপ্রক্রিয়ায় কোনো ধরনের লিখিত পরীক্ষা নেওয়া হবে না। নির্ধারিত মানবণ্টন অনুসারে প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং শিক্ষাগত যোগ্যতায় অর্জিত জিপিএর ভিত্তিতে মূল্যায়ন করে চূড়ান্ত ফল প্রস্তুত করতে হবে।


এ ছাড়া, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশের পর প্রশিক্ষণসহ পরবর্তী কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।


ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কমিটির সভাপতি, সদস্যসচিব এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।