বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের সংশোধিত ফলাফল প্রকাশ করেছে। সংশোধিত ফলাফলে প্রাণিসম্পদ (লাইভস্টক) ক্যাডারে নতুন করে ১৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নন-ক্যাডার ফলাফলেও কয়েকটি পরিবর্তন আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ জুন ২০২৬ প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উল্লেখিত শর্ত অনুসারে একটি প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে নতুন করে আরও ১৪টি রেজিস্ট্রেশন নম্বর যুক্ত করা হয়েছে।
এর ফলে প্রাণিসম্পদ (লাইভস্টক) ক্যাডারের ভেটেরিনারি সার্জন, সায়েন্টিফিক অফিসার, লেকচারার, স্টোর অফিসার ও সমমানের পদে অতিরিক্ত ১৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। এ সংযোজনের পর এ ক্যাডারে মোট সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জন।
পিএসসি আরও জানিয়েছে, সংশোধিত ফলাফলের এই অংশটি ২৮ জুন ২০২৬ প্রকাশিত আগের চূড়ান্ত ফলাফলের সংশ্লিষ্ট অংশের পরিবর্তে কার্যকর হিসেবে বিবেচিত হবে।
গত ২৮ জুন ২০২৬ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। সে সময় মোট ১ হাজার ৫২১ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এর মধ্যে ক্যাডার পদে ছিলেন ১ হাজার ৩০২ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন প্রার্থী। সর্বশেষ সংশোধিত ফলাফলে প্রাণিসম্পদ (লাইভস্টক) ক্যাডারে আরও ১৪ জন যুক্ত হওয়ায় মোট সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৫ জন।
