্
‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৬’–এর উদ্বোধনী অনুষ্ঠানে ফটোসেশনে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (ইউএসআরপ্যাক)-এর সদস্যরা। ছবিটি সিলেটের জালালাবাদ সেনানিবাসে ১৯ জুলাই ২০২৬ তারিখে তোলা। ছবি: মার্কিন দূতাবাসের সৌজন্যে।
বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (ইউএসআরপ্যাক)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৬’–এর উদ্বোধনী অনুষ্ঠান আজ রোববার সিলেটের জালালাবাদ সেনানিবাসে অবস্থিত প্যারা কমান্ডো ব্রিগেডে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে অংশ নেন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট প্যারা কমান্ডো ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত এ যৌথ সামরিক মহড়া ১৩ দিনব্যাপী অনুষ্ঠিত হবে এবং আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, এ ধরনের যৌথ প্রশিক্ষণ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করে। একই সঙ্গে এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, এই মহড়া শুধু সামরিক প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং একটি উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার যৌথ অঙ্গীকারের প্রতিফলন।
বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ তাঁর বক্তব্যে বলেন, ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাঁর মতে, এই প্রশিক্ষণের মাধ্যমে উভয় দেশের সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধি পাবে, পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দীর্ঘমেয়াদে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও বিস্তৃত হবে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
এই সহযোগিতার ধারাবাহিকতায় পারস্পরিক সমন্বয় আরও জোরদার, যৌথ আভিযানিক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রস্তুতি উন্নয়নের লক্ষ্য নিয়ে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৬’ আয়োজন করা হয়েছে। এবারের মহড়ায় যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের ৯১ জন সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডসহ বিভিন্ন ইউনিটের ৯৩ জন সদস্য অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল (স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানস), ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডার, এসআই অ্যান্ড টি–এর কমান্ড্যান্ট, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কূটনীতিক, মহড়ায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
