পবিত্র ঈদুল আজহার আগে ঈদযাত্রার প্রথম দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা যায়নি। আজ শনিবার সকালে তোলা ছবি
পবিত্র ঈদুল আজহার আগে ঈদযাত্রার প্রথম দিন আজ শনিবার। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে যেতে দেখা গেছে। কিছু ট্রেন অবশ্য ৫ থেকে ৭ মিনিট দেরিতে ছেড়েছে। তবে যাত্রীদের ভিড় ছিল তুলনামূলকভাবে কম, ফলে ঘরমুখো মানুষদের তেমন ভোগান্তিতে পড়তে হয়নি। সার্বিকভাবে ঈদযাত্রা শুরু হয়েছে স্বস্তির পরিবেশে।
সরেজমিনে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেখা যায়, অধিকাংশ ট্রেন সময়মতো প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। বাড়তি যাত্রীর চাপ সামলাতে কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচও যুক্ত করা হয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক কবীর উদ্দীন প্রথম আলোকে জানান, ১৩ মে যেসব যাত্রী টিকিট কেটেছিলেন, তাঁরাই আজ ঢাকা ছাড়ছেন। আজ মোট ৬৬টি ট্রেন ছেড়ে যাবে, যার মধ্যে ৪৩টি আন্তনগর এবং ২৩টি কমিউটার ট্রেন। আগামীকাল (রোববার) থেকে বিশেষ ট্রেন চালু হবে।
ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস বেলা সোয়া ১১টার দিকে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি ছাড়ে ১১টা ২১ মিনিটে। ওই ট্রেনে যাত্রী গৃহিণী সালমা বেগম তাঁর দুই সন্তানকে নিয়ে প্রথমবারের মতো নানাবাড়িতে ঈদ করতে যাচ্ছেন। তিনি জানান, এ অভিজ্ঞতায় শিশুরা খুবই উচ্ছ্বসিত।
একই ট্রেনের আরেক যাত্রী আজিজা পারভীন বলেন, তিনি প্রতি বছর ঈদের আগের দিন বাড়ি যান এবং সাধারণত প্রচণ্ড ভিড়ের মুখে পড়েন। তবে এবার আগেভাগে যাত্রা করায় তুলনামূলক শান্ত পরিবেশ পেয়েছেন।
সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। তিনি বলেন, এবারের ঈদুল আজহার আগে ট্রেন চলাচলে বড় কোনো শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই। সংশ্লিষ্ট সব বিভাগ সমন্বিতভাবে কাজ করছে এবং এবার স্বস্তিদায়ক ঈদযাত্রা হবে বলে আশা করা হচ্ছে।
